মহাশূন্যে বদলে যায় খাবারের স্বাদ
ধরুন
আপনি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে, এক
মহাকাশ যানে করে, কাচের জানালার বাইরে গ্রহ নক্ষত্র
দেখতে দেখতে চলেছেন। এমন দিন হয়ত একদিন আসবে যখন, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা বা হায়েদ্রাবাদ যাওয়ার মতোই আমরা
কাজের সূত্রে মঙ্গলের কোনও এক শহরে যাব। তবে, আপনার মহাকাশ যান যতই দ্রুতগামী হোক না কেন, মঙ্গলে পৌঁছতে কয়েক দিন সময় লাগবে।
ফলে, আপনার যানে, আরামে সময় কাটানোর সব সুবন্দোবস্ত
থাকবে। যার মধ্যে অবশ্যই থাকবে ভাল, সুস্বাদু খাবারের আয়জন। আপনি যখন জানলা দিয়ে মহাকাশের শোভা
দেখতে ব্যস্ত, তখনই এক সময় হয়ত আপনার যানের সুসজ্জিত
ভোজোনালয়ে গিয়ে ১৩:৩০-এর আহার সেরে নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে আপনাকে। মহাকাশে
দিন বা রাত বোঝার উপায় নেই। তাই ঘণ্টা হিসেব করেই সব কিছু করতে হয়।
নানা
ধরনের সাজানো খাবার থেকে একটু একটু নিয়ে থালায় সাজিয়ে আপনি খেতে বসলেন। আর আপনার
পদগুলি জিভে ঠেকাতেই, আপনার মুখ ব্যাজার হয়ে উঠল। চেনা
সুস্বাদু খাবার বিস্বাদ ঠেকছে! কোনওটার আবার স্বাদ গেছে পাল্টে। বিরিয়ানি যেন হয়ে
গেছে হবিষ্যি। আইসক্রিম, কিটকিটে মিষ্টি। এমনটা হবে আপনি
ভাবেননি। আপনার প্রথম যাত্রার, প্রথম
আহার ছিল সেটি।
কিন্তু
মহাকাশের ভারহীন পরিবেশে যাঁরা দিন কাটিয়েছেন, তাঁরা বলেন,
মহাশূন্যে খাবারের স্বাদ অনেক সময় বদলে
যায়। কোনও কোনও খাবারের স্বাদ প্রায় পাওয়াই যায় না। আবার কিছু ক্ষেত্রে তাদের
স্বাদ অতি উগ্র হয়ে ওঠে।
কিন্তু
কেন এমনটা হয়, তা জানতেই শুরু হয় গবেষণা।
অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি (আরএমআইটিইউনিভার্সিটি) গবেষণা থেকে জানা গেছে যে, আমাদের পরিবেশ, স্বাদ
অনুভব করার ক্ষমতা আর স্বাদ কেমন তা উপলব্ধি করার মধ্যে এক নিবিড় ও জটিল সম্পর্ক
আছে।
বলা
হয়েছে, আমরা যে পরিবেশ ও পরিস্থিতির মধ্যে
থাকি, তা আমাদের ঘ্রাণশক্তি ও স্বাদ বিচার
করার ক্ষমতাকে প্রভাবিত করে। ঘ্রাণ, স্বাদ, মস্তিষ্ক — এই তিন বিভাগ এক সঙ্গে কাজ করে। কিন্তু, মহাকাশের ভারশূন্য পরিবেশে খাবারে যে
সব মলিকিউল ঘ্রাণ ও স্বাদ সৃষ্টি করে, সেগুলিকে একটু অন্যভাবে বিশ্লেষণ করে আমাদের ইন্দ্রীয়গুলি। ফলে, আমাদের মস্তিষ্কও সেগুলির ঘ্রাণ ও
স্বাদে অন্য রকম তকমা এঁটে দেয়। তাই সেখানে খাবারের স্বাদ অনেক ক্ষেত্রে বদলে যায়।
গবেষকদের
মতে, মহাকাশের প্রাকৃতিক বৈশিষ্ঠই যে কেবল
আমাদের ওপর প্রভাব ফেলে তা নয়। মহাকাশে থাকা কালে এক নিঃসঙ্গতা বোধও খাবারের সঙ্গে
সম্পৃক্ত আমাদের ইন্দ্রীয়গুলিকে প্রভাবিত করে বলে মনে করছেন গবেষকরা। তার ফলে, খাবারের স্বাদে পরিবর্তন ঘটে।
ছবি: এআই নির্মিত

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন