২০০০ বছরের বরফ ৩০ বছরে হারালো হিমালয়

 




হিমের আলয়ে বরফ আর কত দিন থাকবে? এভারেস্ট থেকে যে তথ্য এসেছে, তা মোটেই ভালো নয়। হিমালয় সম্পর্কে যাঁরা খোঁজ খবর রাখেন, তাঁরা সাউথ কোল-এর নাম শুনে থাকবেন। ২৬,০০০ ফিট ওপরে, সেটি একটি হিমবাহ। এভারেস্টে যে পর্বতারোহীরা ওঠেন, তাঁরা এই হিমবাহ পেরিয়ে পৃথিবীর সব চেয়ে উঁচু শৃঙ্গের দিকে অগ্রসর হন।

  সেই হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। সব হিমবাহই গলে। আবার তুষারপাতের ফলে, বরফ জমা হয় সেখানে। কিন্তুসাউথ কোল গলছে এক অস্বাভাবিক হারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পত্রে বলা হয়েছে যে, সাউথ কোল-এ যে হারে বরফ জমে ছিল, তার চেয়ে ৮০ গুণ হারে গলে যাচ্ছে সেখানকার বরফ।

  গবেষকরা ওই পাহাড়ে দুটি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন তৈরি করে ছিলেন। পৃথিবীতে সেগুলি হল সব চেয়ে উঁচুতে অবস্থিত ওই ধরনের পর্যবেক্ষণ কেন্দ্র। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, সেখানে যে বরফ জমা হতে সময় লেগে ছিল ২,০০০ বছর, সেই পরিমাণ বরফ ১৯৯০-এর পর থেকে গলে গেছে। অর্থাৎ, মাত্র ৩২ বছরের মধ্যে।

  গবেষকরা এও বলেছেন, যে দশ বছর ধরে জমে ওঠা বরফ গলে যাচ্ছে এক বছরে। তথ্য থেকে আরও জানা গেছে যে, সাউথ কোল-এ ১৮০ ফিট (৫৪ মিটার) পুরু বরফের আস্তরণ গলে গেছে বিগত ২৫ বছরে। গবেষকরা বলেছেন, ১৯৫০-এর দশক থেকেই হিমবাহ পাতলা হতে শুরু করে। কিন্তু ১৯৯০ থেকে বরফ গলার হার লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যে কোনও হিমবাহের ওপরের স্তরে থাকে সাদা তুষারের মোটা আস্তরণ। তার নীচে থাকে জমাট-বাঁধা বরফ। ওই সাদা তুষারের একটা বড় কাজ হল, সূর্যের আলোকে প্রতিফলিত করে আকাশে ফেরত পাঠিয়ে দেওয়া। তার ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আর বরফ গলার হার থাকে কম। কিন্তু, গবেষকারা জানিয়েছেন যে, সাউথ কোল হিমবাহের ওপরের দিকের তুষার শুভ্র আস্তরণ ইতিমধ্যে অনেকটাই গলে গেছে। তার ফলে, সূর্যের বিকিরণ এখন সরাসরি গিয়ে পড়ছে নীচের শক্ত বরফের ওপর। এবার সেগুলির নিঃশেষ হওয়ার পালা।

  বলা হয়েছে যে, জলবায়ু পরিবর্তনই এই বিপর্যয়ের প্রধান কারণ। আর তার জন্য তাঁরা নিশ্চিত ভাবে দায়ী করছেন মানুষের কর্মকাণ্ডকে। গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, কেবল সাউথ কোল-ই এক অস্বাভাবিক হারে গলছে, তা নয়। ছোট ও পাতলা হয়ে যাচ্ছে হিমালয়ের আরও অনেক হিমবাহ। যেগুলি জল যোগায় বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষকে।

ছবি: উইকিপিডিয়া

Comments

Popular posts from this blog

জল - চাহিদা বড়ছে, যোগান কমছে

গাছেরা কি দেখতে পায়

এক চিলতে বাগানে হাজারও প্রাণীর বাস