মানুষ কেন কাঁদে?
মানুষ কেন কাঁদে? মানুষই সম্ভবত এক মাত্র প্রাণী যে কাঁদলে চোখের জল পড়ে। অন্য কোনও প্রাণী এমন করে কাঁদে বলে এখনও জানা যায়নি। আবার এমনও অনেক ব্যক্তি আছেন যাঁরা কাঁদেন না। বলা ভাল, কাঁদতে পারেন না। গভীর শোকে দুঃখেও কান্নায় ভেঙ্গে পড়েন না তাঁরা। চোখের জল পড়ে না তাঁদের।
কান্না সংক্রান্ত গবেষণায় এক বিখ্যাত নাম বিজ্ঞানী মাইকেল ট্রিম্বল। উনি বলেছেন মানুষ কেন কাঁদে এ ব্যাপারে বিজ্ঞানীদের মধ্য মতের মিল নেই। আর কিছু মানুষ কেন কাঁদে না, সে বিষয়ে বিজ্ঞানী মহলে তো বিশেষ ধারণা নেই বলেই চলে। সাধারণ ভাবে মনে করা হয় কান্নার সঙ্গে যে চোখের জল পড়ে, চোখের স্বাস্থ্য ভাল রাখতেই তা হয়।
কিন্তু নেদারল্যান্ডের টিলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাড ভিঙ্গারহোয়েটস কান্না নিয়ে এক বিরাট বই লিখে ফেলেছেন। আর কেবল মাত্র শারীরিক কারণেই অশ্রুমোচন হয় তা মানেন না উনি।
তাঁর মতে, বিবর্তনের মধ্যে দিয়ে চোখের জল হয়ে উঠেছে এক বিশেষ সাঙ্কেতিক ভাষা। চোখের জল আর পাঁচ জনকে জানিয়ে দেয় কোনও এক ব্যক্তির মনের অবস্হা। অর্থাৎ, একটিও বাক্য ব্যয় না করেও চোখের জল মনের কথা বলে দেয়। আর অন্যদের মধ্যে যোগায় সমবেদনা, তাদের করে তোলে সমব্যাথী। যাতে চারপাশের মানুষজন বাড়িয়ে দেয় সাহায্যের হাত। ভিঙ্গারহোয়েটস বলছেন এমনটা হওয়ার কারণ হল, জন্মের পর থেকে অনেক বছর মানুষের সন্তান সব চেয়ে অসহায় অবস্হায় থাকে। অন্য সব প্রাণীর ছানারা অল্পদিনের মধ্যেই মায়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা শুরু করে দেয়। কিন্তু মানব শিশু অনেক কাল কান্নার ভাষা দিয়ে বড়দের দৃষ্টি আকর্ষণ করে, সাহায্য চায়। আর বড় হয়েও, আমরা চাই বা না চাই, শরীর বিশেষ বিশেষ মুহূর্তে শৈশবের সেই কান্নাকেই ব্যবহার করে আমাদের মনের অসহায় বোধ প্রকাশ করে। চোখের জল যে কথা বলে তা তো বোঝে সবাই।
পিডি/সূত্র:
টাইম

Comments
Post a Comment