হিমবাহগুলি ফিরে পাওয়া অসম্ভব



আমরা কি উষ্ণায়নের লক্ষণরেখা অতিক্রম করতে চলেছি? হয়ত তাই। পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে আমরা এক গভীর সঙ্কটের দিকে এগিয়ে যাব। তেমনটাই বলেছেন বিজ্ঞানীরা। ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমাটা তাঁরাই বেঁধে দিয়ে ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, পৃথিবী সেই বিপদ সীমা লঙ্ঘন করতে চলেছে।

গবেষকরা জানিয়েছেন যে, গত বছর সেই সীমা ইতিমধ্যেই লঙ্ঘিত হয়েছে। গত বছরই প্রথম, পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

উষ্ণায়নের প্রভাব এরই মধ্যে বেশ প্রকট হয়ে উঠতে শুরু করেছে পাহাড় পর্বত ও মেরু অঞ্চলে। সেখানে হিমবাহগুলি গলে যাচ্ছে। গলে যাচ্ছে খুব দ্রুত হারে। দশ বছর আগেও যা মনে করা হয়েছিল, তার চেয়েও অনেক তাড়াতাড়ি গলছে পৃথিবীর বরফ। যার আরও একটা মানে হল, দ্রুত কমে যাচ্ছে বিশ্বের মিষ্টি জলের উৎস ও ভান্ডারগুলি। মিষ্টি জল, যা মানুষ সহ অসংখ্য প্রাণীর বেঁচে থাকা নিশ্চিত করে, তারই উৎস সঙ্কুচিত হচ্ছে!

ইংলন্ডের ব্রিস্টল ও অস্ট্রিয়ার ইনসব্রুক ইউনিভারসিটির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, প্রগতির যে পথ ধরে আমরা এগোচ্ছি,  তাতে পৃথিবী গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা প্রায় অসম্ভব। উপরন্তু, আগামী দিনগুলিতে আমরা ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির দিকেই আমরা এগিয়ে চলেছি। তার কারণ, গবেষকরা বলছেন, দশ বছর আগে, তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য যে সব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়ে ছিল, সেগুলি নেওয়া হয়নি। নেচার ক্লাইমেট চেঞ্জজার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা প্রত্রটি। 

গবেষণাটিতে, আগামী ২৫০০ সাল পর্যন্ত বিশ্বের হিমবাহগুলিতে কী ধরনের পরিবর্তন হতে পারে, তা বোঝার চেষ্টা করা হয়েছে। যে পরিস্থিতিকে মাথায় রেখে গবেষণাটি করা হয়েছে, সেটিকে ওভারশুটবা সীমারেখা অতিক্রম করার পরিস্থিতি বলা হচ্ছে। অর্থাৎ, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে চলে গেলে হিমবাহগুলির কী অবস্থা হবে, সেটাই জানতে চেয়েছেন গবেষকরা।

দেখা গেছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যেত, তাহলে যে পরিমাণ হিমবাহ পৃথিবী হারাত, তার চেয়ে ১৬ শতাংশ বেশি খোয়া যাবে ওই সীমারেখা অতিক্রম করে গেলে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের পোলার এনভায়রনমেন্টাল চেঞ্জ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও এই গবেষণা পত্রের প্রধান লেখক ড. ফ্যাবিয়েন মাসিওন বলেন:

বর্তমান জলবায়ু নীতিমালা পৃথিবীকে প্রায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত একটি পথের দিকে নিয়ে যাচ্ছে। এটা স্পষ্ট যে, ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে যদি পৃথিবীকে রাখা যায়, তা হলে হিমবাহগুলোর জন্য তা ভালো। আমরা জানতে চেয়ে ছিলাম, পৃথিবীর তাপমাত্রা যদি আবার কমে আসে, তাহলে হিমবাহগুলো কি আবার পুনরুদ্ধার হয়ে যাবে? অনেকেই আমাদের প্রশ্ন করেন, আমাদের জীবদ্দশায় কিংবা আমাদের সন্তানদের সময়কালে হিমবাহগুলি কি আবার ফিরবে? আমাদের গবেষণা বলছে, দুঃখজনক ভাবে, তা সম্ভব নয়।

জলবায়ু বিজ্ঞানীদের আশঙ্কা একটি শক্তিশালী ওভারশুটপরিস্থিতিতে বিশ্বের তাপমাত্রা প্রায় ২১৫০ সালের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। তারপর ২৩০০ সালের মধ্যে আবার ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ফিরে এসে স্থিতিশীল হবে।

কিন্তু তারই মধ্যে হিমবাহগুলির গঠন বদলে যাবে। তখন কেমন হবে এই পৃথিবী তা গবেষকরাও অনুমান করতে পাছেন না।

ছবি: অনীশ গুপ্ত


Comments

Popular posts from this blog

জল - চাহিদা বড়ছে, যোগান কমছে

প্রকৃতি তৈরি করছে প্লাস্টিকের পাথর

গাছেরা কি দেখতে পায়