ভবঘুরে এবার গৃহী হয়েছে
অনেক দিনের ভবঘুরে জীবন ত্যাগ করে পটল এখন গৃহী হয়েছে। ( আগের পোস্ট দেখুন: ভবঘুরে পটলের বিচিত্র জীবন , March 15, 2025 ) পটলের কোনও সঙ্গী ছিল না। ওর কোনও দল তৈরি হয়নি। আর পাঁচটা কুকুরে মতো কোনও নিজস্ব এলাকাও সে বেছে নিতে পারেনি কোনওদিন। সঙ্গীবিহীন , এলাকাহীন , একাকী এক সাদা-কালো দিশি কুকুর পটল। অন্তত তেমনটাই ছিল সে এই কিছুদিন আগেও। এখন তার জীবন বদলে গেছে। এবং নিজের জীবনে পরিবর্তন সে এনেছে নিজেই। পটল একটি মেয়ে কুকুর। বছর আষ্টেক বয়স এখন তার। তাকে যখন প্রথম দেখি , তখন সে মাস তিনেকের হবে। কারা যেন তাকে ছেড়ে দিয়ে গিয়েছিল সল্টলেকের সিকে-সিএল পার্কে। এক সকালে , সরু গলায় চিৎকার করছিল সে। দেখা গেল , একটি কুকুর বাচ্চা। গায়ে দগদগে ক্ষত। যন্ত্রণা আর খিদেয় চেঁচাচ্ছে। পৃথিবীর ডায়েরি পত্রিকার সম্পাদক মালবী গুপ্ত ’ র তত্ত্বাবধানে শুরু হয় তার শুশ্রূষা। বাড়ি থেকে আসতে থাকল খাবার। একটু একটু করে সুস্থ হয়ে উঠল সে। আমার বোন তার নাম রাখলেন , পটল। ওই পার্কই তার ঠিকানা হওয়ার কথা ছিল। কিন্তু হলো না। প্রাপ্ত বয়েসের হওয়া মাত্রই তার পাঁচটি ফুটফুটে বাচ্চা হলো। একটি বাড়ির বাগানে বসে সে দুধ খাওয়াত তা...